নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি নম্বরবিহীন জিটু (লেগুনা) গাড়ি। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি এসি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮০৯০) সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় লেগুনার ছাদ উড়ে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। গুরুতর আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), খুটাখালী নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫), ফুলছড়ি শিয়াপাড়া এলাকার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং ঈদগাঁও উপজেলার পশ্চিম গর্জনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)।
আহতরা হলেন জিয়াবুল করিম (৪০), মো. সরওয়ার (১৯), সৈয়দ আলম (৫০), মো. দেলোয়ার হোসেন (৩৫)। তারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সৈয়দ করিম (৩০) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. শামসুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরো পড়ুন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কক্সবাজারের ৬ কলেজে পাসের হারে শীর্ষে সরকারি কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ শিক্ষার্থী
১০ লাখ টাকা ডাকাতির মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিলল ছাত্রদল নেতার বন্ধ দোকানে