Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

প্রতিযোগিতায় দুই বিজয়ীকে ফুল দিয়ে বরণ করে নেন গ্রামবাসী।

কোরআন প্রতিযোগিতায় দুই বিজয়ীকে নিয়ে ২২ কিলোমিটারের র‌্যালি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬
রংপুর বিভাগের সৈয়দপুরে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়’ বিজয়ী দুই শিক্ষার্থীকে নিয়ে উচ্ছ্বাস করেছেন গ্রামবাসী। তাদের নিয়ে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সংবর্ধনা র‌্যালির আয়োজন করা হয়েছে। ছাদখোলা গাড়ি ও মোটরসাইকেলে এতে অংশ নেন অনেকেই।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রতিযোগিতাটি Sharjah Charity International–এর তত্ত্বাবধানে সৈয়দপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশের জয়পুরহাট, ঢাকা ও সিলেটেও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার ১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. সাব্বির আহমাদ। তিনি চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের নবী হোসেনের ছেলে। এ সাফল্যের মাধ্যমে তিনি উমরাহ পালনের সুযোগ ও নগদ ৪০ হাজার টাকা পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে একই মাদ্রাসার ছাত্র মো. জুনায়েদ হাসান ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের ইমরান আলির ছেলে। এ কৃতিত্বের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঢাকার উত্তরা এলাকার গ্র্যান্ড ভিস্তানা হোটেলে অনুষ্ঠিত হয়। দুই শিক্ষার্থীর এই অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের একাগ্র সাধনা, শিক্ষকদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। তাদের জন্য ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে একটি ছাদখোলা গাড়িতে তাদের ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী নেওয়া হয়। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়িতে এতে অংশ নেন অনেকেই।