Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

আলোকিত রিপোর্ট:

উখিয়াতে সেহরি খাওয়ার সময় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় নিজ বসতঘরে সেহরি খাওয়ার সময় দুর্বৃত্তরা প্রবেশ করে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা। তিনি অভিযোগ করেন, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পূর্ব থেকে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহম্মদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।