Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কক্সবাজারের পাঁচতারকা হোটেল থেকে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগে তদন্ত

নিজস্ব প্রতিবেদক | আলোকিত উখিয়া
কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলের পার্কিং এলাকা থেকে তিনটি বিলাসবহুল জাপানি গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৈধ আমদানি ও ক্রয়সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে গাড়িগুলো জব্দ করা হয়।
শুক্রবার কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ‘ইউজড কার পার্টস’ ঘোষণা দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে পরে সেগুলো সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করে শুল্ক ফাঁকির একটি কৌশল ব্যবহার করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই কক্সবাজারে অভিযান চালিয়ে তিনটি গাড়ি জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ হওয়া গাড়িগুলো জাপানি ব্র্যান্ডের বিলাসবহুল যানবাহন। তবে এগুলোর মডেল, ইঞ্জিনের সিসি এবং প্রকৃত বাজারমূল্য তদন্ত শেষে নির্ধারণ করা হবে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, জব্দ হওয়া তিনটি গাড়ির মধ্যে দুটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়িগুলো ‘রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন’ বলে দাবি করলেও বৈধ নিবন্ধন বা আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেন, তারা এসব গাড়ি তাদের বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। তবে এই দাবির সত্যতা নথিপত্র যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দারা আরও জানান, গাড়িগুলো কীভাবে দেশে এসেছে, কোথায় সংযোজন করা হয়েছে এবং আমদানি প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা শুল্ক ফাঁকি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে চোরাচালান বা অন্য কোনো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক প্রণয় চাকমা জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।