Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

সিএনজিতেই প্রসব, হাসপাতালের আঙিনায় প্রাণ বাঁচানোর লড়াই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় প্রচণ্ড প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসার পথে সিএনজিতেই এক অন্তঃসত্ত্বা নারীর নিরাপদ প্রসব সম্পন্ন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা। তাদের তাৎক্ষণিক তৎপরতায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নবগঠিত মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খাঁসপাড়া এলাকার আকলিমা জান্নাত (৩০) প্রসববেদনা নিয়ে হাসপাতালে আসছিলেন। হাসপাতালে প্রবেশের আগেই তার প্রসববেদনা তীব্র আকার ধারণ করলে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলামের নেতৃত্বে নার্স টুম্পা রাণীসহ অন্যান্য নার্স ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় সিএনজিতেই জরুরি ভিত্তিতে নিরাপদে প্রসব করানো হয়।
পরে মা ও নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জয়নাল আবেদিন বলেন, “আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হাসপাতালে আগত শত শত রোগীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে। রোগীর চাপ অনেক বেশি, জনবল সীমিত। তারপরও সংকটের মুহূর্তে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালনে কখনও পিছপা হন না।”
তিনি আরও বলেন, “হাসপাতালের দেয়ালের ভেতরে প্রতিদিন শুধু চিকিৎসাই হয় না, অসংখ্য মানুষের জীবন বাঁচানোর নিরন্তর লড়াইও চলে। সেই দায়িত্ববোধ থেকেই চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”