Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চকরিয়ায় বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় সাদিয়া জান্নাত (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকার একটি ভাড়া বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া জান্নাত পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়ার রিদুয়ানুল হকের মেয়ে। তিনি মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রামের মৃত নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া তার স্বামী সোহেলের সঙ্গে নিরিবিলি আবাসিক এলাকার ওই ভাড়া বাসায় বসবাস করতেন। সোহেল কয়েক বছর ধরে কক্সবাজারের একটি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন। সম্প্রতি তার চাকরি চলে যাওয়ার পর পারিবারিক ও আর্থিক বিষয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয় বলে জানা গেছে।
সাদিয়ার পরিবারের অভিযোগ, বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেওয়া হতো। স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তারা।
তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর এবং পুলিশের তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের অগোচরে বাসার বাথরুমে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেওয়া হয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে স্বজনদের পক্ষ থেকে হত্যার অভিযোগ, অন্যদিকে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পুলিশের তদন্ত চলছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয়রা।