উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে হারিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা। প্রতিটি মুহূর্ত তাদের কাটছে এই আশঙ্কায়, সন্তান জীবিত ও নিরাপদ আছে কি না।
নিখোঁজ কিশোর মছুদ মোহাম্মদ আরবিত (১৫) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাফরপল্লান পাড়ার বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে। সে রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ভুক্তভোগীর মা কাজল আক্তার বাদী হয়ে গত ১৭ জুলাই ২০২৬ উখিয়া থানায় জিআর মামলা নং-৪১২/২৬ দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি রুমখাঁ হাতিরঘোনা এলাকার সেলিমকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি মধ্য রত্নাপালং গ্রামের ইব্রাহিম কাতারে যাওয়ার কথা বলে আত্মগোপনে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুন ২০২৬ দুপুরে কোটবাজার এলাকা থেকে আরবিত নিখোঁজ হয়। অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে প্রধান আসামি ইব্রাহিম বিভিন্ন সময় আরবিতকে আইফোন, টাকা-পয়সাসহ বিভিন্ন উপহার ও প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেত। অভিযোগ রয়েছে, আসামিরা এলাকার একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। স্থানীয়দের একটি অংশের সন্দেহ, প্রধান আসামি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
পরিবারের আশঙ্কা, সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে আরবিতকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে তারা আসামিদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা আন্তঃসীমান্ত মানবপাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে উখিয়া-টেকনাফ এলাকায় অপহরণ ও নিখোঁজের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। একের পর এক এমন ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আরবিতের পরিবার দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ