Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা এরশাদ গ্রেপ্তার

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা এরশাদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের করা একটি অর্থ প্রতারণা মামলায় আদালত বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর তিনি আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।