Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডি‌জিটাল আ‌লো‌কিত ডেস্কঃ

ঢাকা, ২০ আগস্ট ২০২৬: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮টি ভোট।
নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়েছে মির্জা ফখরুলের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার প্রায় চার সপ্তাহ পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন ভোটদানের নির্দেশনা তুলে ধরেন। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, সংসদ নেতা তারেক রহমান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। এর মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে নির্বাচনে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত ছিল। ফল ঘোষণার পর তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।