Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ঈদগাঁওয়ের লরাবাগে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ এলাকায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে মো. হামিদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত শামীম (১৮)কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২ জুন) উপজেলার লরাবাগ ৩ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হামিদ স্থানীয় আবুল কালামের ছেলে। আটক শামীম একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার হামিদ ও শামীমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে শামীম ধারালো অস্ত্র দিয়ে হামিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই হামিদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অভিযুক্ত শামীমকে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার এসআই আশরাফ জিকো বলেন, “ছুরিকাঘাতের ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে, আকস্মিক এ হত্যাকাণ্ডে পুরো লরাবাগ এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আলো‌কিত উখিয়া