Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় নির্মাণাধীন ড্রেন ধসে পড়েছে, উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ

উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ

উখিয়া উপজেলা গেট থেকে মালভিটা পাড়া রাস্তার মাথা পর্যন্ত নির্মাণাধীন ড্রেনের একটি অংশ গত রাতের হালকা বৃষ্টিতেই ধসে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, ড্রেন নির্মাণকাজে মাটি মিশ্রিত পাহাড়ী বালি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিমেন্টের পরিমাণও ছিল অত্যন্ত কম। ফলে কাজের গুণগত মান শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজের কারণেই সামান্য বৃষ্টিতেই নির্মাণাধীন অংশ ভেঙে পড়েছে।
স্থানীয়রা আরও জানান, কাজ চলাকালীন সময়েই যদি এমন অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে পুরো ড্রেনটি টিকবে কি না তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পুনরায় মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকির অভাব বন্ধ না হলে জনগণের অর্থ অপচয় অব্যাহত থাকবে।

আ‌লো‌কিত উ‌খিয়া