কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা, ঝিলংজা ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক এমইউপি জনাব লিয়াকত হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতপাড়া ও আশপাশ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লিয়াকত হোসেন একটি মামলার সাক্ষী হাজিরা দিতে সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালতের কার্যক্রম শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আদালত প্রাঙ্গণের এসপি অফিস সংলগ্ন পূর্ব-পশ্চিম চলাচল সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে।
হঠাৎ গুলির শব্দে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ, আইনজীবী, মামলার বাদী-বিবাদী ও পথচারীদের মধ্যে চরম ভীতি তৈরি হয়। এ ঘটনায় লিয়াকত হোসেনসহ আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, আদালত হচ্ছে ন্যায়বিচারের প্রতীক। সেখানে যদি প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকল সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মানুষ নিরাপত্তা চায়, আতঙ্ক নয়। আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সন্ত্রাসের অবসান হোক।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কক্সবাজারে পুলিশের পোশাকে ভুয়া সদস্য গ্রেপ্তার
উখিয়ায় পেশাদার চালক অপহরণ ও নির্যাতন মামলায় এজাহারভুক্ত আসামী আটক
কক্সবাজারে প্রায় ৮৭ কোটি টাকার মাদক ধ্বংস