নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে পাঁচটি ইউনিয়নকে বিভক্ত করে একাধিক নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জরুরি ভিত্তিতে সুস্পষ্ট প্রস্তাবনা প্রেরণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা যায়, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-৪ আসনের জনাব শাহ জাহান চৌধুরীর ২৭ মার্চ ২০২৬ তারিখের ডিও পত্রের প্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী—
১নং হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করে “মধ্যম হ্নীলা ইউনিয়ন”,
২নং হ্নীলা ইউনিয়নকে “দক্ষিণ হ্নীলা ইউনিয়ন”,
৩নং টেকনাফ সদর ইউনিয়নকে “টেকনাফ উত্তর ইউনিয়ন” বা “লেঙ্গুরবিল ইউনিয়ন”,
৪নং সাবরাং ইউনিয়নকে “শাহপরীরদ্বীপ ইউনিয়ন”,
এবং ৫নং বাহারছড়া ইউনিয়নকে “বড় ডেইল ইউনিয়ন” নামে পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে।
এতে বলা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা সংক্রান্ত ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখের ৬৮৬ নম্বর স্মারক এবং ৯ ডিসেম্বর ২০১৬ তারিখের ৮৫০ নম্বর স্মারকের আলোকে, পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রস্তাবিত ইউনিয়নসমূহ গঠনের বিষয়ে সুপারিশসহ পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট প্রস্তাব দ্রুত প্রেরণ করতে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, টেকনাফ থেকেও এ সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে টেকনাফে স্থানীয় সরকার ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
টেকনাফে ৮৪ হাজার ইয়াবা পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
টেকনাফে বনভূমিতে রাতারাতি পাকা ঘর নির্মাণের অভিযোগ
উখিয়া-টেকনাফে ছদ্মবেশী ব্যবসার আড়ালে ভয়াবহ ইয়াবা বাণিজ্য: ঝুঁকিতে সমাজ ও অর্থনীতি