Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দুই বিশেষজ্ঞের নিয়োগ

আলো‌কিত ডেস্ক রি‌পোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দুইজন বিশিষ্ট পেশাজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন বিশ্বব্যাংকে কর্মরত স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং ইউরোপের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা জলবায়ু বিশেষজ্ঞ ড. সাইমুম পারভেজ (সচিব পদমর্যাদা)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবনিযুক্ত এই দুই বিশেষজ্ঞ নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার দক্ষতার জন্য পরিচিত। স্বাস্থ্য ও জলবায়ু—দুইটি গুরুত্বপূর্ণ খাতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের আগে বিএনপির ইশতেহার প্রণয়ন এবং তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ড. জিয়া হায়দার ও ড. সাইমুম পারভেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নীতি নির্ধারণ, গবেষণা ও জনসম্পৃক্ততায় তাদের সক্রিয় অংশগ্রহণ তাদেরকে আলোচনায় নিয়ে আসে।
উচ্চশিক্ষিত, মেধাবী ও গবেষণামুখী এই দুই ব্যক্তির সরকারে অন্তর্ভুক্তি প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। বিশেষ করে স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে তাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।