কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) ভোর ৬টার দিকে ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত রুস্তম আলী (৪০) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে চালক ও আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রুস্তম আলী। পথিমধ্যে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মারধর করা হয়।
এ সময় দুর্বৃত্তরা গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়। এরপর ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ করে নিয়ে যায়। তবে চালকসহ অন্য একজনকে মারধর শেষে ছেড়ে দেওয়া হয়।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম জানান, ভুক্তভোগীরা ফিরে এসে বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। অপহরণের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
কক্সবাজারে পুলিশের পোশাকে ভুয়া সদস্য গ্রেপ্তার
উখিয়ায় পেশাদার চালক অপহরণ ও নির্যাতন মামলায় এজাহারভুক্ত আসামী আটক