Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

রামু হাইওয়ে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক, মোটরসাইকেল জব্দ

রামু প্রতিনিধি:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামু হাইওয়ে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (৯ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর বাস টার্মিনাল এলাকায় ক্যাপ্টেন কক্স পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় মোটরসাইকেলসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার মৃত আয়ুব আলীর ছেলে মোহাম্মদ শাহেদ এবং একই এলাকার মৃত আবু সৈয়দের ছেলে আলী হোসেন।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।