আলোকিত ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে, বুয়েট ক্যাম্পাসে সেহরি খেতে গিয়ে তিনি কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, কোনো কারণ ছাড়াই তাকে বুয়েটের ভেতরে এবং পরে আশপাশের কয়েকটি স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী জানান, তিনি বুয়েটের কাজী নজরুল ইসলাম হলে সেহরি খেতে গিয়েছিলেন। সেখানে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন কর্মী—হাসিব, শুভ, সাইফুল্লাহ, মহিউদ্দিন ও আবরার—সহ প্রায় ২০ থেকে ২৫ জন তাকে ঘিরে ধরে মারধর শুরু করে।
তার ভাষ্য অনুযায়ী, প্রথমে বুয়েট ক্যাম্পাসের ভেতরেই তাকে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে মারধর করা হয়। পরে রিকশায় করে তাকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে নিয়ে যাওয়া হয়, সেখানেও আবার তাকে পেটানো হয়। এরপর তাকে ভিসি চত্বর এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং কিছু সময় রাজু ভাস্কর্যের সামনেও আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষার্থীর দাবি, অভিযুক্তরা তার মুখে বাইকের চাবি দিয়ে ঘুষি মারে এবং বেল্ট দিয়ে তাকে পেটায়। দুই পায়ের ওপর দাঁড় করিয়ে মারধর করা হয় এবং একপর্যায়ে মাটিতে ফেলে সারা শরীরে লাথিও মারা হয়।
তিনি আরও বলেন, পরে তাকে থানার সামনে ফেলে রেখে যায় এবং গেটের সামনেও তাকে মারধর করা হয়। তার মতে, ক্যাম্পাস ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে পুরো ঘটনার সত্যতা স্পষ্ট হবে।
অভিযোগকারী শিক্ষার্থী দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং নিয়মিত ক্লাস করেন। প্রয়োজনে তার বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলার আহ্বানও জানান তিনি।
ঘটনাটি নিয়ে এখনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি
বড় সুখবর শিক্ষকদের, দ্বিগুণ হচ্ছে উৎসব ভাতা
পেকুয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে কিশোর আটক