Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান ওরফে ফরিদ (৪০)

টেকনাফে র‍্যাবের অভিযানে ১৭ মামলার আসামি গ্রেফতার, হামলায় আহত র‍্যাব সদস্য — মোটরসাইকেলে অগ্নিসংযোগ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১৭টি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। তবে গ্রেফতারের পর তার অনুসারীদের হামলায় কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, গত ১১ মার্চ ২০২৬ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‍্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালায়। এ সময় টেকনাফের নাজির পাড়া এলাকার সিদ্দিক আহমদের ছেলে মো. ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান ওরফে ফরিদ (৪০) কে স্থানীয় একটি খেলার মাঠ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ধৃত আসামির নির্দেশে তার অনুসারী প্রায় ১শ থেকে দেড়শ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। এতে ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন র‍্যাব সদস্য আহত হন।

হামলার সময় অভিযানে ব্যবহৃত র‍্যাবের একটি সরকারি মোটরসাইকেল এবং অজ্ঞাতনামা আরও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয়ভাবে তিনি টেকনাফের নাজির পাড়া এলাকায় সন্ত্রাসীদের গডফাদার এবং দুর্ধর্ষ অপরাধীদের প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)