চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে আকরিদা জন্নাত আইরিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তেইল্যারবিল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আকরিদা জন্নাত স্থানীয় গয়ালমারা ইবতেদায়ী দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। সে প্রবাসী জিয়া উদ্দিন ও জেসমিন আক্তার দম্পতির মেয়ে। পরিবারের স্বপ্ন ছিল মেয়েটিকে লেখাপড়া করিয়ে বড় মানুষ বানানোর। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই সেই স্বপ্ন থেমে গেল।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আকরিদা জন্নাত মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে ফিরে বাড়ির দক্ষিণ পাশের উঠানে দোলনায় খেলছিল। এ সময় দোলনার ওপরে থাকা একটি ওড়না অসাবধানতাবশত তার গলায় পেঁচিয়ে যায়। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে শিশুটি।
তার সঙ্গে থাকা ভাশুরের মেয়ে মুক্তা জন্নাত (৯) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হারবাং আজিজনগর প্রথম গেইট এলাকায় অবস্থিত আজিজনগর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মরদেহ বাড়িতে আনার পর এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। মেয়ের নিথর দেহ দেখে মা জেসমিন আক্তারের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রবাসে থাকা বাবা জিয়া উদ্দিনের কাছেও খবর পৌঁছালে তিনিও গভীর শোকে ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, আইরিন অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। পড়ালেখায় মনোযোগী এই শিশুটি সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তার এমন অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছেন না।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক দুর্ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দোলনায় খেলতে গিয়ে ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যুর খবর পেয়ে ফাঁড়ি পুলিশের এসআই মোফাজ্জল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। পরিবারের দাবি অনুযায়ী এটি একটি দুর্ঘটনা হওয়ায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
৩৬ দিন সাগরে ভাসমান ২ শ্রীলঙ্কানকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা
টেকপাড়ায় বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আটক ৩ নারী