Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ফেইস বুক আইডি থেকে সংগৃহিত

ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী

আলোকিত রিপোর্ট:

নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, গভীর রাতে দুর্বৃত্তরা তার বসতঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং পরিবারকে হত্যার হুমকি দিয়ে যায়।

সাইফুল্লাহ তার ফেসবুক আইডিতে লিখেছেন, ছবিতে দেখা খাটেই তার স্ত্রী ও ছোট দুই সন্তান ঘুমিয়ে ছিল। রাতের বেলা ঘরের বেড়ায় রামদা দিয়ে আঘাতের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তার এক বছরেরও কম বয়সী ছেলে ওই ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লিখেছেন, তার ছোট মেয়ে ভয় পেয়ে তাকে বলেছে— “আব্বু, আমি আগুন দেখে অনেক ডরাইছি।”

সাইফুল্লাহর দাবি, হামলাকারীরা তার থাকার ঘরে রামদা দিয়ে কোপ দেয় এবং আগুন ধরিয়ে দেয়। পরে গ্রামবাসী দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। তবে পাশের রান্নাঘরে লাগা আগুন সহজে নিয়ন্ত্রণে আনা না যাওয়ায় সেটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে তিনি জানান।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা যাওয়ার সময় তাকে এবং তার সন্তানদের হত্যার হুমকি দিয়ে গেছে।

এ ঘটনায় নিজের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আলোকিত উখিয়া