Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

অ্যাডভোকেট এ.কে.এম. শাহজালাল চৌধুরী

উখিয়ায় হতদরিদ্রের চাউল বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খোলা চিঠি

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাউল বিতরণ নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সিকদার উখিয়া” আইডি থেকে প্রকাশিত ওই খোলা চিঠিটি অ্যাডভোকেট এ.কে.এম. শাহজালাল চৌধুরীর উদ্দেশ্যে লেখা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক।

খোলা চিঠিতে উল্লেখ করা হয়, উখিয়া উপজেলার হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাউল নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে কিছু ইউনিয়ন পরিষদ সদস্যদের বিরুদ্ধে অযথা রাজনৈতিক ট্যাগ দিয়ে যে ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, উখিয়ার বিভিন্ন হেফজখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বণ্টনে সমতা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা পরিবেশ নিশ্চিত করা নিয়েও দায়িত্বশীলদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ এই অঞ্চলের হতদরিদ্র ও দীর্ঘদিন বঞ্চিত গ্রামীণ জনপদের বহু মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘদিন ঝুলে থাকার কারণে উখিয়া-টেকনাফ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা নিয়েও এখনই ভাবার সময় এসেছে বলে খোলা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সচেতন মহল ও তরুণ প্রজন্মের পক্ষ থেকে দায়িত্বশীলদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই খোলা চিঠিটি ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আলোকিত উখিয়া