Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ইফতার

উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যেগে এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।

উখিয়ায় নবনির্বাচিত এমপি শাহজাহান চৌধুরীর সম্মানে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে উখিয়া–টেকনাফ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদুয়ানুর ছিদ্দিকীসহ ছাত্রদলের কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অনেক ত্যাগ ও বিসর্জনের বিনিময়ে দেশ একটি নতুন বাস্তবতায় পৌঁছেছে। এই সময়ে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে চলতে হবে, যাতে কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ কষ্টে না পড়ে।

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের টিকাদারি, টেন্ডারবাজি কিংবা বালুমহালের ব্যবসার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের আদর্শ ধরে রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের বিপদে–আপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সরওয়ার জাহান চৌধুরী আরও বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী আর্থিক সংকটে পড়লে বিএনপির নেতারা তাদের পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় সহায়তা করবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উখিয়া–টেকনাফের গণমানুষের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোকিত উখিয়া