Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

উখিয়ার ঘিলাতলী পাড়ার সড়ক সংস্কারের দাবি, চেয়ারম্যানের দৃষ্টি কামনা

আলোকিত রিপোর্ট:

কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং সদর ইউনিয়নের ঘিলাতলী পাড়া এলাকার একটি সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ দাবি তুলে ধরেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসান।

তার ফেসবুক পোস্টে তিনি ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে লিখেছেন, জনগণের ভোগান্তি নিরসনে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম প্রশংসনীয়। এজন্য তিনি চেয়ারম্যান ও পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তবে তিনি উল্লেখ করেন, উখিয়ার ঘিলাতলী পাড়ায় মরহুম মাস্টার সাইফুল ইসলাম স্যারের বাড়ির প্রবেশমুখ থেকে শুরু হওয়া স্বল্প দৈর্ঘ্যের একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চেয়ারম্যান নিজেও সড়কটি সরেজমিনে পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের আশ্বাস দিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুলগামী শিশুদের যাতায়াত, বয়স্ক মানুষের চলাচল এবং জরুরি পরিস্থিতিতে যেমন কারও মৃত্যু হলে গোরস্থানে মরদেহ নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়।

এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।