উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় একটি পরিবহন কাউন্টারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, ভাঙচুর, নগদ টাকা লুট এবং কাউন্টার দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উখিয়া বাজারের গাউছিয়া মার্কেটে সি-লাইন অ্যান্ড কক্স লাইন সার্ভিসের কাউন্টারে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ আরমান উখিয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার ভায়রা ভাই নুর মোহাম্মদ বাদশা ভাড়া নেওয়া ওই কাউন্টার পরিচালনা করে আসছেন এবং তিনি সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে বলা হয়, জাহেদুল ইসলাম ও তার সহযোগীরা কয়েকদিন ধরে কাউন্টার পরিচালনাকারীদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে কাউন্টার পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে জাহেদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কাউন্টারে প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা কাউন্টারের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। একই সঙ্গে ক্যাশ ড্রয়ারে থাকা ৪০ হাজার টাকা ও হিসাবের খাতা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, বাধা দিতে গেলে তাকে মারধর করে কাউন্টার থেকে বের করে দেওয়া হয় এবং কাউন্টারটি জোরপূর্বক দখলে নেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পাঁচ লাখ টাকা না দিলে কাউন্টার দখলে রাখার হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এজাহারে উত্থাপিত অভিযোগগুলো বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ