হুমায়ুন কবির জুসানঃ
কক্সবাজারের উখিয়া উপজেলা জেলা পরিষদের ডাকবাংলোতে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ সরকারি এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে অবহেলা ও দুর্বল তদারকির কারণে অপরাধপ্রবণদের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকবাংলোতে কেয়ারটেকার থাকার পরও সেখানে রাতের বেলা সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বাড়ছে। মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রকাশ্যে চললেও তা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সরকারি সম্পত্তি দখল করে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সম্প্রতি জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন। চলতি মাস থেকে মাদক, অপহরণ ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তবে উখিয়ায় এখনো সেই অভিযানের তেমন কোনো দৃশ্যমান প্রভাব দেখা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়িয়ে এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় যদি এভাবে মাদকসেবীদের আসর বসে, তবে তা শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, বরং প্রশাসনিক ব্যর্থতারও স্পষ্ট ইঙ্গিত বহন করে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি