রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলা ভূমি অফিসে কর্মরত কানুনগো মাহাবুবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, হয়রানি এবং অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, একটি সাধারণ খতিয়ান সংশোধন বা নামজারি কার্যক্রম সম্পন্ন করতে সরকারি নির্ধারিত ফি থাকলেও বাস্তবে তাদের কাছ থেকে কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি হিসেবে যেখানে একটি খতিয়ান সংশোধন বা সংশ্লিষ্ট কাজে খরচ সীমিত, সেখানে বিভিন্ন অজুহাতে ফাইল আটকে রেখে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ রয়েছে, সরাসরি অর্থ লেনদেন না করে একটি নির্দিষ্ট সহযোগীর মাধ্যমে টাকা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে দালালচক্রের দ্বারস্থ হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও নানা ত্রুটি দেখিয়ে ফাইল দীর্ঘদিন ফেলে রাখা হয়। পরবর্তীতে দালালের মাধ্যমে যোগাযোগ করলে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং এর বিনিময়ে বাড়তি অর্থ দাবি করা হয়। এভাবে একটি সহজ প্রক্রিয়াকে জটিল করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া, নোটিশ গোপন রাখা, প্রতিবেদন প্রণয়নে পক্ষপাতিত্ব এবং জমি সংক্রান্ত বিরোধ উসকে দেওয়ার অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় জমি সংক্রান্ত বিরোধ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রভাব পড়ছে।
এ বিষয়ে রামু উপজেলার সচেতন মহল বলছে, ভূমি অফিসের সেবাকে কেন্দ্র করে এ ধরনের অনিয়ম সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে এবং সরকারের সেবাদান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
তেলখোলায় অবৈধ গরুর বাজার: ইজারাদারদের জোরপূর্বক অর্থ আদায়ে ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজারে জাল সনদে এমপিওভুক্ত দুই শিক্ষক: ২০ লক্ষাধিক টাকা ফেরতের নির্দেশ
সরকারি শর্ত লঙ্ঘন করে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন সড়কেই বসছে পশুর হাট