চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর রহমতের বিল এলাকায় তাজবিদুল কোরআন জামে মসজিদের সামনের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হচ্ছে এবং বিভিন্ন স্থানে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি প্রায় অচল হয়ে পড়ে। ফলে পথচারী, শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ জনগণকে চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
তাজবিদুল কোরআন জামে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কাদাময় ও পিচ্ছিল রাস্তা পার হয়ে মসজিদে যেতে হচ্ছে। এতে বয়স্ক মুসল্লি ও শিশুদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে এলাকার স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনসাধারণের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
এলাকাবাসী ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, জনস্বার্থ বিবেচনায় চেয়ারম্যান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স্থানীয়দের মতে, রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে মসজিদে যাতায়াত, শিক্ষার্থীদের চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ ও নিরাপদ হবে। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ