নিজস্ব প্রতিবেদক, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির চাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট কাস্টমস এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বয়স আনুমানিক ৬ বছর। পরে তার পরিচয় শনাক্ত করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শাহপরীর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আইওএমের কর্মীদের বহনকারী একটি গাড়ি রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে। একই সঙ্গে গাড়ির চালক মো. ইসহাক মিন্টু (৪০)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার বাসিন্দা।
পরে নিহত শিশুর পরিচয় শনাক্ত হওয়ার পর তার পিতা, ক্যাম্প-৭-এর নিবন্ধিত রোহিঙ্গা মোহাম্মদ হাসিম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-৪৪, জিআর-৩৫২/২৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহত শিশুর পিতার লিখিত অভিযোগ তদন্ত শেষে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত চালককে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহপরীর হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত চালক মো. ইসহাক মিন্টুর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে। ভূমি দখলসংক্রান্ত একটি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। ওই মামলার বাদী কক্সবাজার শহরের ব্যবসায়ী ও তাজশেবা গ্রুপের মালিক মাহবুবুর রহমান। মামলাটি বর্তমানে সদর মডেল থানায় তদন্তাধীন রয়েছে। এছাড়া পরিবেশ আইনসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা ও অভিযোগ থাকার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পৃথক তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি স্থানীয় জনমনে শোকের ছায়া ফেলেছে। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা