Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

হাসপাতাল কর্তৃপক্ষের দাবী ম‌হিলা ওয়া‌র্ডে ‘পুরুষ থাকে না’, ছবি বলছে ভিন্ন কথা!

উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পুরুষদের অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ও বাস্তব চিত্রের মধ্যে স্পষ্ট অসঙ্গতির অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের জানামতে মহিলা ওয়ার্ডে রাত্রিকালীন সময়ে কোনো পুরুষ স্বজন অবস্থান করেন না। কিন্তু সম্প্রতি পাওয়া একটি ছবিতে নারী রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে একাধিক পুরুষকে অবস্থান করতে দেখা গেছে।
ছবিতে দেখা যায়, নারী রোগীদের বেডের পাশেই একজন পুরুষ আরাম করে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। একই ওয়ার্ডে আরও কয়েকজন পুরুষকে অবস্থান করতে দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা আদৌ কার্যকর কিনা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এ ধরনের অভিযোগ প্রকাশ্যে আসার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বারবার লিখিত অভিযোগের কথা বলছে। অথচ একটি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স, ওয়ার্ড মাস্টার, নিরাপত্তাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করেন। তাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা শনাক্ত করার জন্য জনগণকে লিখিত অভিযোগ দিতে হবে কেন, এমন প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের ভাষ্য, একজন অসুস্থ নারী রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন, আবার অনিয়মের প্রমাণ সংগ্রহ করে লিখিত অভিযোগও করবেন, এমন প্রত্যাশা অমানবিক। হাসপাতাল পরিচালনার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের, রোগীদের নয়।
সচেতন মহলের মতে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এখন আর অভিযোগ বক্সের দিকে তাকিয়ে থাকার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগই যথেষ্ট কারণ একটি নিরপেক্ষ তদন্তের জন্য।
তারা বলেন, যদি ছবির ব্যক্তিরা রোগী হন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তা ব্যাখ্যা করুক। আর যদি তারা রোগীর স্বজন হন, তাহলে মহিলা ওয়ার্ডে তাদের উপস্থিতির অনুমতি কে দিয়েছে, সেটিও স্পষ্ট করা হোক।
জনস্বার্থ সংশ্লিষ্ট এই ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন, মহিলা ওয়ার্ড ও ডেলিভারি ইউনিটে প্রবেশ নিয়ন্ত্রণ জোরদার এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এখন উখিয়াবাসীর একটাই প্রশ্ন, হাসপাতাল কর্তৃপক্ষের চোখের সামনে যদি এমন দৃশ্য থাকে, তাহলে অনিয়ম বন্ধ করতে কি সত্যিই লিখিত অভিযোগের অপেক্ষা করতে হবে?

আ‌লো‌কিত উ‌খিয়া