শিকারিদের হামলার চেষ্টার মুখে গুলি ছুড়ে আত্মরক্ষা
উখিয়া প্রতিনিধি:
শীত আসার আগেই কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে বক ও অতিথি পাখি শিকারের তৎপরতা। উপজেলার মাছকারিয়া ঢেবা, বিভিন্ন চিংড়ি প্রকল্প, খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে পাখি শিকার এবং বেচাকেনা চলার অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার পাখি শিকারিদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ভোরে উখিয়া বন রেঞ্জের আওতাধীন মাছকারিয়া ঢেবা এলাকায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় শিকারিরা বন বিভাগের অভিযানে বাধা দিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়েন বলে জানা গেছে।
অভিযানে পাখি শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারেক (২০) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মাছকারিয়া এলাকার ইছাম্মতের ছেলে। এ সময় নয়টি বক উদ্ধার করা হয়। পরে আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান। তাঁর সঙ্গে ছিলেন থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের অন্যান্য কর্মী।
প্রতি বছর শীত মৌসুমের আগমনে জলাশয়গুলোতে পাখির আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে বক ও অতিথি পাখি শিকারের প্রবণতাও দেখা যায়। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন জলাশয়ে পাখি শিকার করে বিক্রি করছেন। অথচ বন্যপ্রাণী সংরক্ষণে আইন ও প্রশাসনিক নজরদারি থাকার পরও এ ধরনের তৎপরতা বন্ধ হচ্ছে না।
প্রশ্ন উঠছে, পাখি শিকার ও বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের পেছনে কারা রয়েছে? শুধু একজন শিকারিকে আটক করেই কি এই অবৈধ তৎপরতা বন্ধ করা সম্ভব? নাকি শিকারিদের পাশাপাশি পাখি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে?
সচেতন মহল বক ও অতিথি পাখি শিকার বন্ধে বন বিভাগের নিয়মিত অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং জলাশয়গুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে পাখি শিকার বন্ধ করা জরুরি। এখন দেখার বিষয়, বন বিভাগের এই অভিযান কতটা ধারাবাহিক হয় এবং পাখি শিকারের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা যায় কি না।
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইনানীতে পাঁচতলা ভবনে উচ্ছেদ অভিযান, মাঠে কউক ও উখিয়া প্রশাসন