Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠনে দাতা সদস্য মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

১৬ জুলাই ২০২৬ তারিখে ফরিদুল আলম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া আবেদনে দাবি করেন, বিদ্যালয়টি ১৯৭২ সালে এলাকার শিক্ষানুরাগী আসাদ আলী মুন্সী ৪০ শতক রেজিস্ট্রিকৃত জমি দান করে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মরহুম আবদুল মাজেদ সিকদার, মরহুম আবুল খায়ের সিকদার এবং মরহুম মির আহমদ মেম্বার আরও ২০ শতক জমি বিদ্যালয়ের জন্য দান করলেও ওই জমি এখনো রেজিস্ট্রি করা হয়নি।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে আসাদ আলী মুন্সী প্রতিষ্ঠাতা ও দাতা হিসেবে অন্তর্ভুক্ত থাকলেও সম্প্রতি মরহুম আবদুল মাজেদ সিকদার পক্ষের উত্তরাধিকারী সৈয়দ হোসাইন চৌং নিজেকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে আবেদন করেছেন।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে হলে জমি দানের বৈধ দলিল বা ডকুমেন্ট প্রয়োজন। এরপরও প্রকৃত দলিলধারী দাতার কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে দাতা সদস্য হওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনকারী দাবি করেন, যদি প্রকৃত দলিলধারী দাতা সদস্য হতে অনিচ্ছুক হন, তাহলে দাতা সদস্যের পদ শূন্য রাখা উচিত। দলিলবিহীন অন্য কাউকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।