নিজস্ব প্রতিবেদক | দৈনিক আলোকিত উখিয়া
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে একাধিক রোগী ও তাদের স্বজনের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগী রোগী দৈনিক আলোকিত উখিয়ার কাছে লিখিত অভিযোগ পাঠিয়ে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে পেশাগত অবহেলা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ তুলেছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে দেখা হয় না। অনেক ক্ষেত্রে রোগীদের শারীরিক অবস্থার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয় না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগে আরও বলা হয়, চিকিৎসকদের একটি অংশ রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ করেন না। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ও অবহেলাসূচক আচরণের কারণে সেবাগ্রহীতারা মানসিকভাবে কষ্ট পান এবং কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন।
এছাড়া বহির্বিভাগে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার পরও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে ব্যস্ত থাকতে দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে রোগীদের চিকিৎসাসেবা পেতে বিলম্ব হচ্ছে এবং অনেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ মানুষই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। তাই তারা সম্মানজনক আচরণ, সময়মতো চিকিৎসা এবং মানবিক সেবা প্রত্যাশা করেন। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তারা সেই প্রত্যাশিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ