উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি অর্থে পরিচালিত এই নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কংক্রিটের বাহ্যিক অংশে ভালো মানের কাজের আভাস দেওয়া হলেও ভেতরে ব্যবহার করা হচ্ছে ইটের গুড়ি ও নিম্নমানের উপকরণ। এছাড়া নির্মাণকাজে প্রয়োজনীয় মানসম্পন্ন বালির পরিবর্তে পাহাড়ি মাটি মিশ্রিত বালি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, ঢালাই কাজে প্রকৌশল নীতিমালা ও নির্ধারিত অনুপাত উপেক্ষা করে একটি বস্তা সিমেন্টের সঙ্গে ৬ থেকে ৭ বস্তা বালি মিশিয়ে কাজ করা হচ্ছে। এতে নির্মাণাধীন দেয়ালের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, জনগণের করের টাকায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে যদি এভাবে অনিয়ম ও লুটপাট চলে, তাহলে উন্নয়নের সুফল জনগণ কখনোই পাবে না। নিম্নমানের নির্মাণকাজের কারণে অল্প সময়ের মধ্যেই সরকারি স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে নির্মাণকাজের গুণগত মান যাচাই করতে হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার, তদারকি কর্মকর্তা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয়দের প্রশ্ন, “সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, কিন্তু মাঠপর্যায়ে যদি দুর্নীতি ও অনিয়মে সেই অর্থ লুটপাট হয়, তাহলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে কীভাবে?”
দ্রষ্টব্য: উল্লিখিত অভিযোগগুলো স্থানীয়দের বক্তব্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ার কুতুপালংয়ে ‘মেডিকেল কোর্স’-এর নামে কী চলছে? অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্নের ঝড়
ভালুকিয়াপালং কমিউনিটি ক্লিনিকে আবারও চুরি, জনসাধারণের সহযোগিতা কামনা
সরকারি ছুটির দিনে উখিয়া থানা ডিসপেনসারিতে দুঃসাহসিক চুরি, সোলার সিস্টেমের ৬ ব্যাটারি উধাও