চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে গোবিন্দপুর এলাকার তিনটি পৃথক পয়েন্টে স্থাপিত বালু উত্তোলনের যন্ত্রপাতি শনাক্ত করা হয়। পরে ব্যবহৃত মেশিন ও পাইপলাইন অকেজো করে দেয় মোবাইল কোর্টের টিম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর ফলে স্থানীয় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল এবং নদীভাঙনের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত উখিয়া