Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, পালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাজঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিনের সন্ত্রাসী নিয়ন্ত্রণ ভেঙে এখন প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এক মাস আগেও যে এলাকা ছিল আতঙ্ক ও ভীতির জনপদ, সেখানে এখন নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষও স্বাভাবিকভাবে যাতায়াত করছেন।

জানা গেছে, গত ২ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে একটি বড় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পাহাড়ঘেরা এই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীর শক্ত অবস্থান ছিল। প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা এবং ভেতরে ঢুকতে হলে দেখাতে হতো ‘বিশেষ পরিচয়পত্র’। এমনকি অতীতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ভেতরে ঢুকতে গেলে হামলার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন।

তবে সর্বশেষ অভিযানের সময় পরিস্থিতি ভিন্ন ছিল। যৌথ বাহিনীর অভিযানের আগেই চিহ্নিত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে বড় ধরনের কোনো সংঘর্ষ বা রক্তপাত ছাড়াই অভিযান শেষ হয়। অভিযানের পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী।

বর্তমানে জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশের দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে এলাকায় সন্ত্রাসীদের প্রকাশ্য আনাগোনা বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

গত শুক্রবার সরেজমিনে জঙ্গল সলিমপুর ঘুরে দেখা গেছে, একসময় যেখানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ ছিল, সেখানে এখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দৃশ্যমান। স্থানীয়রা স্বাভাবিকভাবে চলাচল করছেন এবং এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে এই পরিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘদিনের জটিল বাস্তবতা। কয়েক দশক ধরে প্রায় ৩ হাজার ১০০ একর পাহাড়ি এলাকা জুড়ে পাহাড় কেটে বসতি স্থাপন, সরকারি খাসজমি দখল, কোটি কোটি টাকার প্লট বাণিজ্য এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা দখলদার গোষ্ঠীর প্রভাব ছিল প্রবল। এসব কারণে এলাকায় একাধিক সরকারি উন্নয়ন প্রকল্পও দীর্ঘদিন ধরে থমকে ছিল।

যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানের মাধ্যমে প্রথমবারের মতো এই বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমানভাবে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হলো—এই নিয়ন্ত্রণ ধরে রাখা এবং দখল ও সন্ত্রাসমুক্ত একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)