Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

বিকে আজম পুলিশের হাতে আটক

মরিচ্যায় পেট্রোল পাম্পে হামলার চেষ্টা: অস্ত্রসহ ইটভাটা মালিক বিকে আজম আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মরিচ্যা এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রোল পাম্পে অতিরিক্ত তেল না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানোর অভিযোগে বিকে আজম নামের এক ইটভাটা মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল পাম্পে ড্রামে অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে বিকে আজম প্রকাশ্যে অস্ত্র নিয়ে পাম্পের ম্যানেজার ও কর্মচারীদের অফিস কক্ষে প্রবেশ করে তাদের হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয়দের বাধার মুখে তিনি ঘটনাস্থল থেকে গাড়িযোগে পালিয়ে যান।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে দায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত বিকে আজমকে আটক করে এবং তার ব্যবহৃত অস্ত্রটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবহৃত অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

আলোকিত উখিয়া