Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

পি.এম.খালীতে জুয়েলার্স মালিক উধাও, প্রায় ১০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে পালানোর অভিযোগ

আলোকিত রিপোর্ট:

কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ছনখোলা ঘাটঘর বাজারে অবস্থিত ‘অনামিকা জুয়েলার্স’-এর মালিক মিন্টু ধর দোকান বন্ধ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ আত্মসাতের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিদিনের মতো দোকান বন্ধ করেন মিন্টু ধর। এরপর থেকে তাকে আর বাজার এলাকায় দেখা যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।

অভিযুক্ত মিন্টু ধরের পিতার নাম সুনিল ধর ও মাতার নাম রতি ধর। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালি পুর গ্রামে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, অনেকেই পুরনো স্বর্ণ বদল, নতুন অলংকার তৈরির অর্ডার কিংবা নিরাপদ রাখার উদ্দেশ্যে তার কাছে স্বর্ণ জমা রেখেছিলেন। কেউ কেউ নগদ অর্থও অগ্রিম হিসেবে প্রদান করেন। হঠাৎ করে দোকান বন্ধ ও মালিকের গা-ঢাকা দেওয়ায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

এ বিষয়ে কয়েকজন ক্ষতিগ্রস্ত জানান, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে তাদের পক্ষে স্বর্ণ ও অর্থ ফেরত পাওয়া কঠিন হয়ে পড়বে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তদন্ত এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী মহলেও এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ভুক্তভোগীরা প্রশাসনসহ সকল হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত মিন্টু ধরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া যায় এবং তাদের স্বর্ণ ও টাকাপয়সা উদ্ধার করা সম্ভব হয়।

আলোকিত উখিয়া