হুমায়ুন কবির জুসান
বিশ্বজুড়ে রোহিঙ্গা সংকটের কারণে আলোচিত কক্সবাজারের উখিয়া উপজেলা আজও নাগরিক সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক গুরুত্ব পাওয়া সত্ত্বেও এখানে এখনো কোনো পৌরসভা গঠিত হয়নি। ফলে পরিকল্পিত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে স্থানীয় জনপ্রতিনিধি জাফর আলম চৌধুরী উখিয়ায় পৌরসভা গঠনের গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন বলে জানা গেছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত পৌরসভা গঠনের দাবিতে আহ্বায়ক অধ্যাপক তহিদুল আলম তহিদ বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বিশ্বময় পরিচিতি পেলেও অবকাঠামোগত উন্নয়নে উখিয়া উপেক্ষিত রয়ে গেছে।
বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লার স্তূপ, অপরিকল্পিত বাজার ও বসতি, দুর্বল ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থা জনদুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে উখিয়া দারোগা বাজার এলাকায় ড্রেন ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। নাগরিক সেবায় সমন্বয়ের অভাব প্রকট।
সংশ্লিষ্টরা জানান, ইউনিয়ন পরিষদগুলো সীমিত বাজেটে ‘সি’ ক্যাটাগরির বরাদ্দ নিয়ে কাজ পরিচালনা করছে। অথচ জনসংখ্যা, বাণিজ্যিক গুরুত্ব ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় উখিয়া অনেক আগেই পৌরসভার যোগ্যতা অর্জন করেছে। পৌরসভা গঠিত হলে ‘এ’ ক্যাটাগরিতে বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে এবং আধুনিক নাগরিক সেবা সহজলভ্য হবে।
এছাড়া প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন তিনটি ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী—
-
রাজাপালং ইউনিয়ন থেকে ১টি,
-
হলদিয়াপালং ইউনিয়ন থেকে ১টি,
-
জালিয়াপালং ইউনিয়ন থেকে ১টি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা যেতে পারে।
এতে জনসেবামূলক কার্যক্রম ত্বরান্বিত হবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক উখিয়া গড়তে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত সংশ্লিষ্টদের।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় ভিজিএফের ৩৫ বস্তা চাল জব্দ: গরিবের হক লুটের অভিযোগে তোলপাড়
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, মহিলা ওয়ার্ডে পুরুষদের অবস্থান নিয়ে কী সিদ্ধান্ত?
উত্তর হাজীরপাড়ায় ৩০ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেছে