Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

উখিয়ায় ভিজিএফ চালের মান নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে অভিযোগ

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ঈদ উপলক্ষে বিতরণ করা ভিজিএফ চালের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অভিযোগ তুলে পোস্ট করেছেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বাচ্চু।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণ করা ভিজিএফ চালের মান ভালো ছিল না। অনেকের মতে, চালটি খাওয়ার উপযোগী না হওয়ায় কেউ কেউ তা বিক্রি করে দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে আরও বলা হয়, বিক্রি হওয়া এসব চাল আবার ঘুরেফিরে খাদ্য গুদামে ফিরে গিয়ে পুনরায় বিতরণ হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে নিম্নমানের চাল কতদিন বিতরণ চলবে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া তিনি উল্লেখ করেন, উখিয়া খাদ্য গুদামের অধীনে চাল সরবরাহে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে উখিয়ার ছয়তাঁরা অটো রাইস মিল, কোটবাজার–ভালুকিয়া সড়কের ডায়মন্ড অটো রাইস মিল এবং হাফসা টেক্সটাইল রয়েছে। তার প্রশ্ন, এসব প্রতিষ্ঠান কীভাবে দুর্গন্ধযুক্ত বা নিম্নমানের চাল সরবরাহ করল—এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব আশা করছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।

আলোকিত উখিয়া