উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা, জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মোঃ তোহা নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৪ মে) ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন এর নির্দেশনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
এপিবিএন সূত্র জানায়, আটক মোঃ তোহা উখিয়ার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১/ইস্টের ডি-৫ ব্লকের বাসিন্দা। তিনি চট্টগ্রাম থেকে কক্সবাজারে এসে লিংক রোড এলাকায় পুরবী বাস থেকে নেমে টেকনাফগামী সী-লাইন বাসে ওঠার সময় পুলিশের নজরে আসেন। পরে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে নিজ শেল্টারে নিয়ে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শেল্টার থেকে বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বাংলাদেশি নগদ ৫৩ হাজার টাকা, সৌদি রিয়াল ৩ হাজার ২৫০, মালয়েশিয়ান রিংগিত ৩ হাজার ৩০০ এবং ৬০০ মার্কিন ডলার। এছাড়া তার নামে তৈরি চট্টগ্রাম সিটি করপোরেশনের জাতীয় সনদপত্র, তার মেয়ের জন্ম সনদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেক বইয়ের পাতা, একটি ভিভো মোবাইল ফোন, দুটি নিবন্ধিত সিম কার্ড এবং একটি অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির পরিচয় হিসেবে জানা গেছে, তার পিতার নাম আহমদ হোসেন এবং তার এফসিএন নম্বর ১৫৫৫৪৬।
প্রাথমিক তদন্তে এপিবিএন জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি চট্টগ্রামের লোহাগাড়া থানার পদুয়া এলাকার ঠিকানা ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং, মানবপাচার এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল সদস্য হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা হিসেবেও তার সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় উখিয়া থানায় The Special Powers Act, 1974 এর 25B(a)/25D ধারাসহ দণ্ডবিধির ৪১৯/৪২০/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৬, তারিখ ১৫ মে ২০২৬। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি