Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় দৈনিক মাসোহারায় চলছে পাহাড় কাটার উৎসব

‌নিজস্ব প্রতি‌বেদকঃ

উখিয়া ক্রাইম ডেস্ক :

উখিয়া বন রেঞ্জের আওতাধীন জারাইলতলী হয়ে ছাদের খোলার আগা এলাকায় সরকারি বনভূমির বালিযুক্ত পাহাড় কেটে অবৈধভাবে ডাম্পারযোগে মাটি পাচারের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চিহ্নিত পাহাড়খেকো চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের রহস্যজনক নীরবতায় এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।

অভিযোগ রয়েছে, দৈনিক মাসোহারার বিনিময়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রকাশ্যে পাহাড় কাটার কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০টি অবৈধ ডাম্পার পাহাড়ি এলাকা থেকে মাটি পরিবহন করছে বলেও জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা।

পরিবেশবিদ ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়খেকো ও কাঠ পাচারকারী সিন্ডিকেটের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর গভীর সখ্যতা না থাকলে এভাবে প্রকাশ্যে পাহাড় ধ্বংস সম্ভব নয়। তাদের প্রশ্ন, “রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় থাকে, তাহলে বন ও পরিবেশ রক্ষা করবে কে?”

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর রহমান শাহিন পাহাড় কাটার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয়রা দ্রুত অবৈধ পাহাড় কাটা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বন বিভাগের দায়ী কর্মকর্তাদের তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আ‌লো‌কিত উ‌খিয়া