Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

দুই দিনের বৃষ্টিতে অচল পাতাবাড়ি সড়ক, পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি বাজার থেকে গফুর সওদাগরের দোকান পর্যন্ত সড়কটি সাম্প্রতিক বৃষ্টিতে আবারও ভয়াবহ রূপ নিয়েছে। গত দু’এক দিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কাদায় পুরো পথ পিচ্ছিল হয়ে পড়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, পূর্ব থেকেই খোঁড়াখুঁড়ি অবস্থায় পড়ে থাকা সড়কটিতে বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও আবার জমে থাকা পানিতে রাস্তার চিহ্নই মিলছে না। এতে করে সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চলমান পরীক্ষার্থীরা।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অনেকেই কাদা মাড়িয়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছেন, কেউ আবার সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে অসম্পূর্ণ পড়ে থাকা এই সড়কের কাজ দ্রুত শেষ না করায় আজকের এই দুর্ভোগ তৈরি হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এখনই যদি সড়কটি সংস্কার বা নির্মাণ কাজ পুনরায় শুরু না হয়, তাহলে সামনে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তখন এই সড়ক দিয়ে হাজারো মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায় এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটির কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

আ‌লো‌কিত উ‌খিয়া