উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কোরবানির ঈদকে সামনে রেখে উখিয়া-টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী পশুর হাট। রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের লক্ষ্য করে বসানো এসব বাজার এখন স্থানীয় জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনাপ্রবণ উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় সরাসরি সড়কের উপর বসানো হয়েছে পশুর হাট। প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এসব বাজার পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন এই সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাট বসার সময় সড়কে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। গরু-ছাগলসহ ক্রেতা-বিক্রেতার ভিড়ে সড়ক সম্পূর্ণ দখল হয়ে যায়। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে রোগী বহনকারী যানবাহন পর্যন্ত সবাই চরম ভোগান্তিতে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “প্রশাসন জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
বিশেষজ্ঞরা বলছেন, টিভি টাওয়ার সংলগ্ন এলাকাটি আগে থেকেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত। এখানে সড়কের উপর পশুর হাট বসানো অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো সময় প্রাণহানির কারণ হতে পারে।
এ বিষয়ে উখিয়া উপজেলা প্রশাসনের কাছে বক্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত অবৈধ পশুর হাটগুলো সড়ক থেকে সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তর করতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
উখিয়ায় নির্মাণাধীন ড্রেন ধসে পড়েছে, উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ