Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

৩ বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পাতাবাড়ি বাজার থেকে আব্দুল গফুর সওদাগরের দোকান পর্যন্ত সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর আগে শুরু হওয়া এই রাস্তার কাজ এখনো শেষ হয়নি, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন কমপক্ষে এক হাজার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু নির্মাণ কাজ বন্ধ থাকায় রাস্তার অবস্থা এখন অত্যন্ত বেহাল। খানাখন্দে ভরা ও কাদামাটির কারণে সাধারণ মানুষের চলাফেরা যেমন কষ্টকর হয়ে পড়েছে, তেমনি জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তখন রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা, কোনো যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এতে করে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে পড়ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আলো‌কিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)