নিজস্ব প্রতিবেদক
আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষাকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া উপজেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে উপজেলার ৭টি কেন্দ্রের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আসমা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
পরিদর্শনকালে তারা কেন্দ্রগুলোর আসন বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র সংরক্ষণ কক্ষ, প্রবেশ ও বহির্গমন পথসহ সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে উখিয়া উপজেলার সকল এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার কেন্দ্রের প্রতিটি কক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আমরা একটি নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য জানানো হয়েছে আন্তরিক শুভকামনা। পাশাপাশি অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
গয়ালমারা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
৩ বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে হাজারো মানুষ
বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র