কোটি টাকার গাড়ি, শতকোটি টাকার সম্পদ—প্রশ্নের মুখে সম্পদের উৎস
আলোকিত রিপোর্ট:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নজুড়ে নতুন করে আলোচনায় এসেছে কথিত মাদক সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত আবুল ফয়েজের নাম। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আবুল ফয়েজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাদকের প্রকৃত উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত বড় নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় উখিয়া দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত।
এদিকে, এলাকাবাসীর মাঝে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার বিপুল সম্পদের উৎস নিয়ে। অভিযোগ রয়েছে, স্বল্প সময়ের মধ্যে তিনি কোটি টাকার বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন এবং গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদ। অথচ তার দৃশ্যমান কোনো বৈধ আয়ের উৎস তেমনভাবে চোখে পড়ে না।
স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, এই সম্পদের পেছনে মাদক ব্যবসার অর্থ জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ পায়নি।
সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা জরুরি। প্রয়োজনে দুদকসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে সম্পদের হিসাব যাচাই এবং মানি লন্ডারিংয়ের সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখা উচিত।
স্থানীয়দের দাবি:
“শুধু গ্রেপ্তার করলেই হবে না, রিমান্ডে নিয়ে পুরো নেটওয়ার্ক বের করতে হবে। তাহলে বোঝা যাবে, আসল কারা জড়িত।”
উখিয়ায় মাদক নিয়ন্ত্রণে আনতে হলে বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন গোড়ায় আঘাত। আবুল ফয়েজকে ঘিরে ওঠা অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে তার মাধ্যমে পুরো সিন্ডিকেট উন্মোচনের সুযোগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়—তদন্ত কতটা গভীরে যেতে পারে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
২০ হাজার ইয়াবা, হোস্টেলে আটক ছাত্রী, নেপথ্যে কি খালু?
বগুড়ায় বাসে ৭৭৫ পিস ইয়াবা, রামুর আবুল কালাম গ্রেপ্তার
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার