Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

শফিক

শফিকুল ইসলাম খানছবি: সংগৃহীত

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবার বলছে—এজাহারভুক্ত আসামি ছিলেন না

আলোকিত ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালী জেলা কারাগারে বন্দী অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তাঁর নাম শফিকুল ইসলাম খান (৩৮)। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। ২০১৮ সালে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জেলা কারাগার সূত্র বলছে, গতকাল বিকেলে শফিকুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তাঁকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগে পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী কারাগারের জেলার আব্দুর রব মিয়া বলেন, অবস্থার অবনতি হলে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই বন্দীর মৃত্যু হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, আজ শনিবার শফিকুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শফিকুলের ছোট ভাই জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, যে তিনটি মামলায় শফিকুলকে কারাগারে রাখা হয়েছিল, এসব ঘটনার সঙ্গে তাঁর ভাইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট ‘ডেভিল হান্ট’ অভিযানে দুমকী থানা–পুলিশ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ওই মামলায় জামিন পাওয়ার পর জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তাঁকে আবার গ্রেপ্তার দেখানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পেলে আরও একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি কোনো মামলাতেই এজাহারভুক্ত আসামি ছিলেন না।

আলোকিত উখিয়া